গ্রামীণ হেলথটেক অফিস পরিদর্শনে প্রফেসর ইউনূস, ডিজিটাল স্বাস্থ্যসেবায় জোর

ঢাকা ৯ এপ্রিল, ২০২৬:
বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে অর্থনৈতিক পিরামিডের নিচে থাকা জনগোষ্ঠীর কাছে ডিজিটালি মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম “সুখী”র সকল কর্মী ও সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।
গতকাল বুধবার তিনি গ্রামীণ হেলথটেক অফিস পরিদর্শন করেন এবং ‘সুখী’-এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
“সুখী” গ্রামীণ হেলথটেক লিমিটেডের (জিএইচএল) একটি ইনোভেটিভ ই-হেলথ প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটি প্রযুক্তির মাধ্যমে রোগী এবং চিকিৎসকদের মধ্যে দূরত্ব কমিয়ে এনে স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সুবিধাজনক করতে কাজ করছে।
গতকাল প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রফেসর ইউনূস।
তিনি বলেন, ‘বাংলাদেশের পার্বত্য এলাকা ও দুর্গম অঞ্চলে এখনো চিকিৎসকের অভাব রয়েছে। ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে দূরবর্তী এলাকার মানুষের এই কষ্ট দূর করা সম্ভব। রোগীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকলে রিপোর্ট হারিয়ে যাওয়া, প্রেসক্রিপশন হারিয়ে যাওয়ার মতো সমস্যাগুলো এড়ানো যাবে এবং ফলো আপ চিকিৎসাও সহজ হবে।’
তিনি আরও বলেন, ‘গর্ভকালীন নারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি। তারা ঘরে বসেই চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন। এছাড়া অনেক প্রবাসী বিদেশে ভাষাগত সমস্যার কারণে চিকিৎসা নিতে দ্বিধা বোধ করেন। এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁরা অনলাইনে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।’
এসময় গ্রামীণ হেলথটেকের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দল তাদের কৌশলগত রোডম্যাপ উপস্থাপন করেন, যেখানে ডিজিটাল স্বাস্থ্যসেবার বিস্তার, দেশের প্রতিটি অঞ্চলে সংযোগ শক্তিশালী করা এবং দেশব্যাপী কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা মডেল সম্প্রসারণের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
আইসিডি-১১, এইচএল৭ এবং এফএইচআইআর-এর মতো আন্তর্জাতিক মান সংযোজন করে এবং জিডিপিআর বৈশ্বিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করে “সুখী” একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলছে, যা স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করবে এবং সকলের কাছে পৌঁছে দেবে।
কর্মকর্তারা জানান, ১০ হাজারের বেশি ‘সুখী সেবা কেন্দ্র’ প্রতিষ্ঠা এবং ‘সুখী গ্রাম’ গড়ে তোলার মাধ্যমে তারা শুধু অবকাঠামো নির্মাণই করছে না, বরং যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার নিশ্চিত করছে। প্ল্যাটফর্মটি মাত্র ১৫ মাসে এক লাখেরও বেশি রোগীকে সেবা দিয়েছে, যাদের অধিকাংশই অর্থনৈতিক পিরামিডের নিম্নস্তরের মানুষ।
প্রফেসর মুহাম্মদ ইউনূস প্ল্যাটফর্মটির চলমান কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তৃণমূলভিত্তিক উদ্যোগের ওপর বিশেষভাবে জোর দেন।






Related
Professor Yunus emphasizes digital healthcare access during visit to Grameen HealthTech Office
15th Social Business Day 2025 to be held on June 27–28
Statement from Professor Muhammad Yunus:
দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের বক্তব্য
Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.
“র্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান
Social Business Academia Dialogue & 3ZERO Club Convention 2024 held in Manila, Philippines
The 14th Social Business Day concludes in Manila, Philippines
The 14th Social Business Day 2024 kicks off in Manila, Philippines
